ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।বিস্ফোরণের পর টহলরত পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে একজন যুবককে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, “কতিপয় দুষ্কৃতিকারী নির্বাচন কমিশন ভবনের বাইরে একটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দের পর আমাদের টহল টিম দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করে।

তাকে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে।” ডিসি ইবনে মিজান আরও বলেন, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে। আতঙ্কের কোনো কারণ নেই। বিষয়টি আমরা কঠোরভাবে তদন্ত করছি এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।”
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, “অফিসের সামনে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় আনসার ও পুলিশ সদস্যরা ওই যুবককে ধরে ফেলে।”

ঘটনার পর নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
ঢাকা অফিস কসবা টিভি নিউজ ডেস্ক।