ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনকে ঘিরে আবারও শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও প্রত্যাশার মিশ্র আবহ। জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে বিএনপির মনোনয়ন দৌড়। এই আসনে অন্তত নয়জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য তৎপরতা চালাচ্ছেন।

প্রত্যেকেরই নিজস্ব জনভিত্তি, রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের ইতিহাস রয়েছে—তবে চূড়ান্ত আস্থা কার হাতে যাবে, তা নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পুরো এলাকা।

মনোনয়নের দাবিদারদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান, যিনি অতীতে দলের কঠিন সময়ে মাঠে থেকেছেন। তাঁর অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাঁকে এখনো আলোচনার কেন্দ্রে রেখেছে।

তাঁর পাশাপাশি আছেন আলহাজ্ব কবীর আহাম্মদ ভুইয়া, যিনি সংগঠনের তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখেন এবং বিএনপির দুর্দিনেও সক্রিয় থেকেছেন।

তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন শাকিল ওয়াহেদ সুমন, যার প্রভাব বিশেষ করে যুবসমাজ ও শিক্ষিত ভোটারদের মধ্যে লক্ষণীয়।

এছাড়া আছেন মুসলে উদ্দিন ও নাছির উদ্দিন হাজারী, যাঁরা সংগঠন পরিচালনা ও দলীয় কর্মসূচিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভ‚মিকা পালন করছেন।

মুহাম্মদ ইলিয়াছ এবং নাজমুল হুদা খন্দকার – এ দু’জনই মাঠ পর্যায়ে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। নাজমুল হুদা খন্দকারের নেতৃত্বে সাম্প্রতিক জনসভাগুলো দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানা গেছে।

অন্যদিকে আবুল মুনসর মিশন এবং বিল্লাল খন্দকার—উভয়েই স্থানীয় পর্যায়ে সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে মনোনয়নের ক্ষেত্রে বিএনপি এবার ভিন্ন কৌশল নিতে পারে। ত্যাগী ও গ্রহণযোগ্য প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হতে পারে, পাশাপাশি তরুণ নেতৃত্বের প্রতিও গুরুত্ব থাকবে।

দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ভোটযুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে, তাই প্রার্থী বাছাইয়ে সূক্ষ্ম হিসাব-নিকাশ চলছে।
তৃণমূলে শোনা যাচ্ছে—মনোনয়ন যেই পান না কেন, ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, তবেই পরিবর্তনের স্রোত তৈরি হবে। বিএনপির এই ঐক্যই হতে পারে আগামী নির্বাচনে ‘কসবা-আখাউড়া’র নির্ণায়ক শক্তি।

রাজনীতির এই আসনে এখনো নিশ্চিত কিছু নয়। তবু প্রতিটি প্রার্থীর চোখে একটাই স্বপ্ন—দলীয় প্রতীক নিয়ে জনতার রায়ে সংসদে যাওয়া। আগামী দিনগুলোই বলে দেবে, কাদের পরিশ্রম ও রাজনৈতিক পরিপক্বতা দলীয় আস্থা অর্জনে সফল হয়।
ফারজানা রশীদ ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক: