আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের সব প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সবার আগে প্রাথমিক প্রার্থী তালিকা দিয়েছে দলটি। চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রায় প্রস্তুত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দলটির ছাত্র সংগঠনের জয়ের ধারাবাহিকতায় এবার জাতীয় নির্বাচনেও ইনক্লুসিভ প্রার্থী দিচ্ছে তারা। সেই সঙ্গে তরুণ নেতাদের প্রার্থী করেছে।

আগামী নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যুবকদের সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে জামায়াতে ইসলামী। প্রাথমিকভাবে ঘোষিত ৩০০ আসনের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই যুবক।

বিশ্লেষকদের মতে, দলগতভাবে সুশৃঙ্খল জামায়াত। তাদের কেন্দ্র ও সংগঠনের নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নিতে হয় দলটির নেতাকর্মীদের। এর বাইরে বিক্ষোভ বা মনোমালিন্য প্রকাশ, ক্ষোভ দেখানো সাংগঠনিক নীতি পরিপন্থি উল্লেখ করে কঠিন সিদ্ধান্তই নেওয়া হয় দলের পক্ষ থেকে। দলের মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, হামলা, মামলা এসব খুব একটা সামনে আসে না। এ কারণেই তারা অনেকটা দ্রুত তাদের কার্যক্রম গুছিয়ে নিতে পেরেছে।

নভেম্বরে গণভোটসহ নানা দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত প্রার্থী দেবে ইসলামি দলগুলো ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আসন্ন নির্বাচন নিয়ে উৎকণ্ঠা তৈরি করছে।

গত ১০ নভেম্বর হাইকোর্ট গাজীপুর-৬ আসনের গেজেট বাতিল করে বাগেরহাটের আসন পুনর্বহালের রায় ঘোষণা করেন। এ রায়ের আগেই গাজীপুর-৬ আসনে তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করে জামায়াত। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ডাক পেয়ে শিক্ষকতা ছেড়ে দেশে ফিরেছেন তিনি।

ড. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘তরুণ এবং অভিজ্ঞতার কারণে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমাকে যোগ্য মনে করেছেন। তিনি তরুণদের গুরুত্ব দেন। আপনি এবার দেখবেন যে নির্বাচনে জামায়াতের প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ৪০ বা এর কম। এমনকি ৩০ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীও আছেন।’

‘ডা. শফিকুর রহমান একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন। এই বাংলাদেশ কীভাবে চলতে পারে, দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের মানবিক মর্যাদা, ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে গড়ার জন্য স্বপ্ন দেখছেন। এ নিয়ে তিনি পরিকল্পনাও নিচ্ছেন এবং ইশতেহার সাজাচ্ছেন।’
বিশেষ প্রতিদেক কসবা টিভি নিউজ ডেস্ক: