ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

১৬ ডিসেম্বরের প্রথম প্রহর থেকেই শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দেখা যায় বিজয়ের লাল-সবুজের আবহ।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

কসবা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী পৃথক কর্মসূচিতে অংশ নেয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় অংশ নেন।

স্থানীয় প্রশাসনের উদ্যোগে কসবা সরকারি বালক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, প্যারেড প্রদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম ও কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে কসবায় মহান বিজয় দিবস পরিণত হয় শ্রদ্ধা, স্মৃতি ও দেশপ্রেমের এক মিলনমেলায়।
তানভীর আলম ঢালী ও আকলিমা রশীদ ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক: