স্টাফ রিপোর্টার, কসবা টিভি নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, জনগণ আজ পরিবর্তন চায়, সংস্কার চায় এবং একটি উন্নত, সন্ত্রাস–দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ দেখতে চায়। এই প্রত্যাশিত সমাজ ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য একটি ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কসবা পৌর মুক্তমঞ্চে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ পথসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ও কসবা পৌরসভা শাখা এবং ১০ দলীয় জোট।

পথসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা শুরু হয়।
কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নায়েবে আমীর শিবলী নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা পৌর জামায়াতের আমীর হারুন অর রশীদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারোয়ার, হেফাজত নেতা মাওলানা ইউনুছ করিম বেলালী ও এনসিপি নেতা তানভীর আহমেদ শাহীন।

পথসভায় ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভা শেষে আতাউর রহমান সরকার ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কসবা পুরাতন বাজার এলাকায় দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের মাঝে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার সংবলিত লিফলেট বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন।