ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের নবনির্বাচিত এমপি মুশফিকুর রহমান-এর শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার ও আকলিমা রশীদ ঢালী | কসবা টিভি নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান আজ১৭ ফ্রেরুয়ারি২০২৬ইং জাতীয় সংসদে শপথ গ্রহণ করেছেন। শপথ শেষে তিনি সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কসবা-আখাউড়াবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হানিফ খন্দকার কসবা টিভিকে জানান, শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত এমপি তার সমর্থক, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “এই বিজয় কসবা-আখাউড়ার মানুষের বিজয়। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করবো।”

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পর থেকেই এলাকায় উন্নয়ন, অবকাঠামো সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অগ্রাধিকারমূলক পরিকল্পনা গ্রহণের বিষয়ে তিনি বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু করেছেন। বিশেষ করে সীমান্তবর্তী আখাউড়া স্থলবন্দর কেন্দ্রিক বাণিজ্য সম্প্রসারণ ও কসবা উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ আসনে নতুন নেতৃত্বের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার হতে পারে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শপথ গ্রহণের খবরে কসবা ও আখাউড়া এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে।

নবনির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি।
নিজস্ব প্রতিবেদক

