নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিরতার প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রশাসনের অভিযানে প্রায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজারে অবস্থিত “সেলিম এন্টারপ্রাইজ” নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মোট ২৬টি ড্রাম থেকে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয় এবং দায়িত্বরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সাহেল আহমেদ জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদের তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কাছে থাকা তেলের পরিমাণ ভিন্ন। দোকানির ভাষ্যমতে, ২৪টি ড্রামে ২০০ লিটার করে এবং বাকি ২টি ড্রামে ১০০ লিটার করে তেল ছিল। তবে প্রশাসনের হিসাব অনুযায়ী মোট জব্দকৃত তেলের পরিমাণ প্রায় ৫ হাজার লিটার।

স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধ মজুদদারি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে এবং সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই এ ধরনের অভিযানের মাধ্যমে প্রশাসনের সক্রিয় ভূমিকা জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।

এদিকে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের মাধ্যমে বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য পেতে সক্ষম হবেন।