ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ১২ হাজার টাকা

বিশেষ প্রতিনিধি,কসবা টিভি :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ও শশীদল ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহন আইন লঙ্ঘন ও মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হয়।

আজ বিকেলে অভিযান চলাকালে রাস্তায় গাছের গুড়ি ফেলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অভিযোগে ২ জনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন পয়েন্টে তদারকি করে মোটরসাইকেলের কাগজপত্র ও নিরাপত্তা বিধি যাচাই করা হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে ২ জন মোটরসাইকেল আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তল্লাশি অভিযান চালানো হয়, যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ রক্ষা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক

