স্টাফ রিপোর্টার মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর মোহাম্মদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন গোকর্ণঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুর মোহাম্মদ গোকর্ণঘাট পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি টিম বুধবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ০৭নং ওয়ার্ডের গোকর্ণঘাট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় নিউ মদিনা স্টোর নামক দোকানের সামনে গোকর্ণঘাট-নবীনগর সড়কের ওপর থেকে নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক শাহাদাৎ হোসেন বাদী হয়ে আটক আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।