স্টাফরিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরাতন বাজারে বিভিন্ন ফার্মেসিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিশেষত পশুখাদ্য ও মৎস্যখাদ্য বিক্রয়কারী ফার্মেসিগুলোকে টার্গেট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ এবং কসবা থানা পুলিশের এসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ফার্মেসিগুলোর হালনাগাদ ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স রয়েছে কিনা, অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা, গরু মোটা তাজাকরণে ব্যবহৃত কোনো অবৈধ ওষুধ বিক্রি হচ্ছে কিনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা বা বিক্রির অভিযোগ রয়েছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, ঈদুল আজহাকে ঘিরে বাজারে যেন কোনো ধরনের ভেজাল বা অবৈধ ওষুধ বিক্রি না হয় এবং জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করা যায়—সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।