নজরুল ইসলাম ,কসবা টিভি, প্রতিনিধি আখাউড়া :
গভীর রাতে হরিপুরে অভিযান, মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ১২ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) ওমর ফারুক, এএসআই (নিঃ) বিল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স। তারা নিয়মিত রাত্রীকালীন ডিউটি, ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালান।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক কেনাবেচা ও ইয়াবা সেবনের অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে তথ্য সংগ্রহ করে পুলিশের একটি টিম পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্রেফতারকৃত আসামি মোঃ পারভেজ মিয়ার টিনের ঘরের পূর্ব ভিটির দক্ষিণ পাশের কক্ষে তল্লাশি চালিয়ে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতারা হলেন মোঃ পারভেজ মিয়া (২৬), পিতা- আব্দুল বারেক, মাতা- দেলোয়ারা বেগম, সাং- হরিপুর, ৩নং ওয়ার্ড, মনিয়ন্দ ইউপি, থানা- আখাউড়া।
মোঃ রাসেল মিয়া (২৮), পিতা- তাজু মিয়া, মাতা- বিলকিছ আক্তার।
মেহেদী হাসান (২০), পিতা- বাদশা মিয়া, মাতা- আসমা বেগম।
রাসেল মিয়া ও মেহেদী হাসানের বাড়ি কসবা উপজেলার চন্ডিদুয়ার ইউনিয়নের গোপীনাথপুর যোগীর বাড়ি এলাকায় বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ইয়াবা ও অন্যান্য মাদকের ব্যবহার বাড়তে থাকায় অভিভাবকদের মাঝেও আতঙ্ক দেখা দেয়। এমন পরিস্থিতিতে পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।