খ.ম.হারুনুর রশীদ ঢালী:
প্রিয় পাঠক সাংবাদিকতা— ছোট একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সাহস, দায়িত্ববোধ, সত্য প্রকাশের সংগ্রাম এবং মানুষের প্রতি অঙ্গীকার। সমাজের আয়না বলা হয় সাংবাদিকতাকে। কারণ একজন প্রকৃত সাংবাদিক কখনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর হয়ে কাজ করেন না; তিনি কাজ করেন সত্য ও তথ্যের পক্ষে।

বর্তমান সময়ে সমাজে একটি প্রচলিত ধারণা তৈরি হয়েছে— কোনো সংবাদ কারো পক্ষে গেলে সাংবাদিককে সেই পক্ষের লোক মনে করা হয়, আবার কোনো সংবাদ বিপক্ষে গেলে তাকে বিরোধী পক্ষ ভাবা হয়। অথচ প্রকৃত সাংবাদিকের পরিচয় একটাই— তিনি “নিউজের লোক”। তিনি কারো অন্ধ সমর্থক নন, আবার অকারণে কারো বিরোধীও নন। তার কাজ কেবল তথ্য তুলে ধরা, সত্য প্রকাশ করা এবং মানুষের জানার অধিকার নিশ্চিত করা।

দীর্ঘ ৪৫ বছরের পেশাগত জীবনে দেখেছি একজন অভিজ্ঞ সাংবাদিক অসংখ্য চড়াই-উতরাই দেখেন। রাজনৈতিক পালাবদল, ক্ষমতার জোয়ার-ভাটা, সামাজিক পরিবর্তন— সবকিছুর মধ্যেও সাংবাদিকতার মূল দায়িত্ব একটিই থাকে, তা হলো সত্যের পথে অটল থাকা। কারণ রাজনীতি সময়ের সঙ্গে বদলায়, ক্ষমতার পালাবদল হয়, কিন্তু সংবাদ তার নিজস্ব গতিতেই চলে। সত্য সংবাদ কখনো থেমে থাকে না।

একজন সাংবাদিক যখন কোনো অনিয়ম, দুর্নীতি বা জনদুর্ভোগের সংবাদ প্রকাশ করেন, তখন অনেকেই তাকে প্রতিপক্ষ মনে করেন। আবার উন্নয়ন কিংবা ইতিবাচক কাজের সংবাদ প্রকাশ করলে অন্যপক্ষ তাকে সমর্থক বলে আখ্যা দেয়। কিন্তু প্রকৃতপক্ষে সাংবাদিকের কোনো ব্যক্তিগত পক্ষ থাকে না। তার পক্ষ একটাই— সত্য ও জনস্বার্থ।

সাংবাদিকতা পেশা কখনো সহজ ছিল না। এখানে রয়েছে চাপ, সমালোচনা, ভুল বোঝাবুঝি এবং নানা প্রতিকূলতা। তবুও একজন সৎ সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যান নিরলসভাবে। কারণ তিনি জানেন, একটি সঠিক সংবাদ সমাজকে সচেতন করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে পারে এবং ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে।

আজকের এই প্রযুক্তিনির্ভর যুগে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে গুজব ও অপপ্রচারের ঝুঁকি। তাই দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব এখন আরও বেশি। সাংবাদিককে হতে হবে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সাহসী। কারণ সংবাদ যদি সত্যের ভিত্তিতে দাঁড়ায়, তবে সেটিই সমাজের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে।

শেষ কথা একটাই—সাংবাদিক কারো ব্যক্তি স্বার্থের লোক নন, তিনি সমাজের লোক, সত্যের লোক, নিউজের লোক।আর এই আদর্শ বুকে ধারণ করেই প্রকৃত সাংবাদিকরা যুগের পর যুগ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
লেখক: সভাপতি,কসবা উপজেলা প্রেসক্লাব,সম্পাদক-প্রকাশক অপরাধ পত্র ও কসবা টিভি,মোহনা টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ কসবা প্রতিনিধি।