খ. ম. হারুনুর রশীদ ঢালী :
কসবার একজন সজ্জন, বিনয়ী ও প্রজ্ঞাবান মানুষ মোঃ খাইরুল রেজা শরীফ আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে সভাপতি কসবা উপজেলা প্রেসক্লাব,পরিচালক কসবা টিভি পরিবার এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতাধীন কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক পরিদর্শক তালতলা গ্রামের কৃতি সন্তান মোঃ খাইরুল রেজা শরীফ গতকাল সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শরীফ ভাই ছিলেন কর্মনিষ্ঠ, সৎ ও মানবিক গুণাবলির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর মুখের মধুর হাসি, শুদ্ধ ও মার্জিত ভাষায় কথা বলার অভ্যাস এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। ব্যক্তিগতভাবে তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় একজন মানুষ ছিলেন। তাঁর সঙ্গে প্রতিটি সাক্ষাৎ ছিল শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক।
সমবায় আন্দোলনের পাশাপাশি তিনি কসবার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বহু সমিতির সাংগঠনিক কাঠামো প্রণয়ন এবং কসবা পুরাতন বাজার পরিচালনা কমিটির গঠনতন্ত্র তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আজও স্মরণীয় হয়ে থাকবে। সমাজ উন্নয়নে তাঁর নিষ্ঠা ও দূরদর্শী চিন্তাভাবনা তাঁকে একটি অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
তাঁর প্রয়াণে কসবা হারালো একজন অভিজ্ঞ সংগঠক, সমাজ হারালো একজন সৎ ও নিবেদিতপ্রাণ মানুষ, আর আমরা হারালাম একজন শুভাকাঙ্ক্ষী অভিভাবককে। আজ তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রটি জানান।
কসবা টিভি পরিবার, কসবা উপজেলা প্রেসক্লাব এবং ব্যক্তিগতভাবে আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।