তানভীর আলম ঢালী:
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ,সবার আগে আংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে (১২ জুন) কসবা মহিলা ডিগ্রি কলেজে উপজেলা প্রশাসন ও এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশে উপজেলা পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তোহিদ,কসবা উপজেলা জামায়াতের সাবেক আমীর শিবলী নোমানী,কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আলী আশ্রব,কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন,সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,মিডিয়াকর্মী প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১২টি স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা তুলে ধরেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষার বাইরে এনে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলা পর্যায় থেকে নির্বাচিত সেরা দলগুলো পরবর্তী ধাপে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অতিথিদের স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন।