ফারজানা রশীদ ঢালী,কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিতে যাচ্ছে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করতে আগামীকাল ২২ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি, সভাপতি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামিউল ইসলাম।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ১৬৬ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে উৎসাহিত করা হবে।
ফাউন্ডেশনের চেয়ারপার্সন মেহভীন রহমান, এমপি মুশফিকুর রহমানের বড় মেয়ে। তাঁর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কসবায় মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষা বিস্তারে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার প্রত্যাশা করছেন আয়োজকরা।
আয়োজকদের মতে, মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহিত ও সম্মানিত করা হলে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষায় সাফল্য অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এই লক্ষ্যেই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট ২০২৬ রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কসবা উপজেলার কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ‘শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদক প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
ধারাবাহিক এসব উদ্যোগের মাধ্যমে কসবায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, মেধাবীদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।