আলমগীর হোসেন. কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা, ২৬০ জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল, সকল মাধ্যমিক বিদ্যালয়কে খেলার সামগ্রী, ১৩৯ প্রাথমিক বিদ্যালয়কে পানির ফিল্টার ও ফুটবল বিতরণ করা হয়। বুধবার ২৩ সেপ্টেম্বর বাঞ্ছারামপুরের মায়ালগঞ্জ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল এমরান খান এর সভাপতিত্বে ও বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রবিউল হাসান ভূইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা গণসংহতির প্রধান সমন্বয়ক শামীম শিবলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর রহমান মাসুম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মহসিন, ভিপি মজিবুর রহমান মজিব, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব হাসানসহ আরো অনেকে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার এ ধারাবাহিকতা শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।