তানভীর আলম ঢালী, কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তালতলা এলাকার অসহায় সুমন মিয়া ও তার অসুস্থ মেয়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ছামিউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিবারটির জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি দেওয়া হয় প্রয়োজনীয় শুকনা খাদ্যসামগ্রী, যার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি লবণ এবং রান্নার প্রয়োজনীয় বিভিন্ন মসলা। শুধু আর্থিক সহায়তাই নয়, অসুস্থ শিশুটির চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তাকে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে। জানা যায়, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। সুমন মিয়ার স্ত্রী শারীরিক ভারসাম্যহীন হওয়ায় পুরো পরিবারটি দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের এই মানবিক সহায়তা পরিবারটির জন্য স্বস্তি ও নতুন আশার বার্তা হয়ে এসেছে। এ সময় কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আহম্মদুর রহমান উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।