কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ম নিয়ে কটূক্তি, অবমাননা ও বিদ্বেষমূলক কার্যকলাপের অভিযোগে সাগর রায় (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাতে মোঃ শাহিদুল খাঁর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে কসবা থানায় মামলাটি রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সাগর রায় কসবা পৌরসভার সাহাপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে অভিযোগকারী মোঃ শাহিদুল খাঁ কসবা পৌরসভার তেতুইয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
কসবা থানায় দায়ের করা মামলার নম্বর-১০, তারিখ ৫ অক্টোবর ২০২৬। মামলায় দণ্ডবিধির ২৯৫/২৯৫-ক ধারার পাশাপাশি সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২৬ ধারার উল্লেখ রয়েছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল করিম।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) কসবা টিভিকে জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সাগর রায়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি তদন্তাধীন থাকায় অভিযোগের সত্যতা ও আইনি দায়-দায়িত্ব তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।