ফারজানা রশীদ ঢালী কসবা টিভি রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন না করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীদের একাংশ। আজ সোমবার বিকেলে কসবা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিজনা ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঘোষিত কমিটি পুনর্বিবেচনা করে যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার আগে কবীর ও সানির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। যাদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে তাদের বক্তব্য প্রচার সম্ভব হয়নি এই প্রতিবেদনে। সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি সাদ্দাম হোসেন, কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খা, কসবা টি আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আরেফিন, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, বাবুল আহাম্মেদ বাবু, সজিব শ্রাবণ, সাবেক সদস্য সচিব মহসিন সরকার, সাবেক সদস্য মেহেদী হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, ছাত্রদলকে শক্তিশালী করতে হলে পদ-পদবির চেয়ে ত্যাগ, যোগ্যতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকার মূল্যায়ন করতে হবে। অন্যথায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে বিভেদ আরও বাড়তে পারে। তারা ঘোষিত কমিটি বাতিল বা পুনর্বিবেচনা করে ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্তির দাবি জানান।