মেঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
সরকারি কোনো নির্দেশনা নেই, নেই অনুমোদিত পরিপত্রও। তবু কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে মডেল টেস্ট। এ পরীক্ষার নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৬০ টাকা করে ফি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে একদিকে সরকারি নির্দেশনা ছাড়া পরীক্ষা আয়োজনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে বাড়তি ফি আদায়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ মডেল টেস্ট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপজেলার ২ হাজার ৪৫৮ জন বৃত্তি পরীক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ৬০ টাকা করে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সরকারি বৃত্তি পরীক্ষার প্রক্রিয়ায় এ ধরনের মডেল টেস্ট ও ফি আদায়ের কোনো নির্দেশনা না থাকলেও শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক দায় চাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিভাবকদের আরও উদ্বেগ, আগামী ৩ ডিসেম্বর পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এর মাত্র কয়েক দিন আগে মডেল টেস্ট আয়োজন করায় শিক্ষার্থীদের প্রস্তুতি, পড়াশোনা ও মানসিক স্বস্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতির নামে এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি করছে বলেও মনে করছেন তাঁরা।
এ বিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, মডেল টেস্টে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৫৮ জন। এই পরীক্ষার কোনো সরকারি পরিপত্র বা নির্দেশনা না থাকলেও স্থানীয় প্রধান শিক্ষকদের অনুরোধক্রমে আমরা পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরীক্ষার ফি’র পরিমাণ এখনো চূড়ান্ত করা হয়নি।
তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর মোল্লার বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, মডেল টেস্ট পরীক্ষার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতি পরীক্ষার্থীর জন্য ৬০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্র ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনকে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনসুর আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ধরনের নির্দেশনা ছাড়া কেউ মডেল টেস্ট পরীক্ষা নেওয়া ও অতিরিক্ত ফি আদায়ের সিদ্ধান্ত নিতে পারেন না। তাঁরা নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক নূরুল ইসলাম বলেন, বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট নেওয়ার কোনো নির্দেশনা নেই। এ ধরনের পরীক্ষা নেওয়ার সুযোগও নেই।
সরকারি নির্দেশনা ছাড়াই পরীক্ষা আয়োজন এবং ফি নির্ধারণের এমন সিদ্ধান্তে উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে ফি নির্ধারণের বিষয়ে ভিন্নতা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ ও বাড়তি আর্থিক বোঝা না চাপিয়ে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।