খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
খাল আছে, কিন্তু পানির প্রবাহ নেই। কোথাও খালের বুকজুড়ে মাটির স্তূপ, কোথাও চলছে ভরাটের প্রস্তুতি। আবার কোথাও খালের জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি ও দোকানপাট। এভাবেই কসবা উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে সরকারি খাল দখল ও ভরাটের অভিযোগ ক্রমেই সামনে আসছে। একসময় যে খালগুলো ছিল পানি নিষ্কাশন ও কৃষিকাজের অন্যতম ভরসা, সেগুলোর অস্তিত্ব এখন হুমকির মুখে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, একটি প্রভাবশালী শ্রেণি রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার কিংবা মধ্যস্থতাকারীদের সহযোগিতায় সরকারি খালের জায়গা দখল করে নিজেদের স্বার্থ হাসিল করছে। কোথাও খালের জায়গায় স্থাপনা নির্মাণ, কোথাও মাটি ও বালু ফেলে ভরাটের চেষ্টা চলছে। ফলে প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
কসবা পৌর এলাকা ছাড়াও বাদৈর, মূলগ্রাম, কুটি, কায়েমপুর, বায়েক, বিনাউটি ও গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে খাল দখল ও ভরাটের অভিযোগ রয়েছে। এসব ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের প্রশ্ন—সরকারি খাল যদি এভাবে দখল হতে থাকে, তাহলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ থাকবে কোথায়?
তবে সাম্প্রতিক সময়ে খাল ও জলাশয় রক্ষায় প্রশাসনের তৎপরতা দৃশ্যমান হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর গভীর রাতে কসবার আকছিনা এলাকায় প্রধান সড়কের পাশে সরকারি খাল ভরাটের চেষ্টাকালে মোহাম্মদ রমজান ও মোহাম্মদ সোহেল নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই সঙ্গে ভরাট করা খালের অংশ আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় খালি করে দেওয়ার নির্দেশ দেন তিনি। অন্যথায় সেখানে ফেলে রাখা বালু বিধি মোতাবেক জব্দ করা হবে বলেও সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক জলপ্রবাহ রক্ষায় খাল-জলাশয় ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের অভিযান বনাম দখলদারদের তৎপরতা :
কসবায় খাল দখলের সমস্যা শুধু কয়েকটি জায়গায় মাটি ফেলার ঘটনা নয়; এটি জনস্বার্থ, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। খাল দখল হলে ক্ষতিগ্রস্ত হয় কৃষি, কমে যায় পানি নিষ্কাশনের স্বাভাবিক সক্ষমতা, বাড়ে জলাবদ্ধতার ঝুঁকি। একই সঙ্গে জীববৈচিত্র্য ও পরিবেশের ওপরও পড়ে বিরূপ প্রভাব।
তাই শুধু জরিমানা কিংবা তাৎক্ষণিক অভিযানই যথেষ্ট নয়। যেসব খাল ইতোমধ্যে দখল ও ভরাট হয়েছে, সেগুলোর সঠিক সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, দখলমুক্তকরণ এবং নিয়মিত তদারকি জরুরি। পাশাপাশি খাল দখলের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
কসবাবাসীর প্রত্যাশা, প্রশাসনের রাতের এই অভিযান যেন সাময়িক তৎপরতায় সীমাবদ্ধ না থাকে। বরং পুরো উপজেলায় সরকারি খালের সীমানা নির্ধারণ করে পর্যায়ক্রমে দখলমুক্ত করা হোক। রক্ষা পাক প্রাকৃতিক পানিপ্রবাহ, বন্ধ হোক সরকারি সম্পত্তি দখলের অপচেষ্টা।
কারণ খাল শুধু একটি জলাশয় নয়—এটি প্রকৃতি, কৃষি, পরিবেশ ও জনজীবনের অপরিহার্য অংশ। খাল বাঁচলে বাঁচবে পরিবেশ, নিরাপদ হবে কসবাবাসীর ভবিষ্যৎ।