কসবায় ছাত্রদলের কমিটি প্রত্যাহারের দাবিতে পদবঞ্চিত নেতাদের সংবাদ সম্মেলন

কসবা টিভি রিপোর্ট:
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ, যাচাই-বাছাই করে নতুন কমিটি গঠনের দাবি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটি প্রত্যাহার এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় কসবায় স্থানীয় একটি রেস্তোরাঁয় কসবা উপজেলা প্রেসক্লাব ও কসবা প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্য দেন ছাত্রদল নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন।
কসবায় ছাত্রদলের কমিটি প্রত্যাহারের দাবিতে পদবঞ্চিত নেতাদের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে মামলা, হামলা, জেল-জুলুম ও ফেরারি জীবন মেনেও যারা আন্দোলন-সংগ্রামে রাজপথ ছাড়েননি, ঘোষিত কমিটিতে সেই ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং ছাত্রলীগের আশীর্বাদপুষ্ট, প্রবাসে অবস্থানরত, বিবাহিত ও ছাত্রত্বহীন ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি প্রশ্ন রেখে সাদ্দাম হোসেন বলেন, কাদের খুশি করতে এবং কী বিবেচনায় এই কমিটি ঘোষণা করা হয়েছে, তা নেতাকর্মীদের কাছে স্পষ্ট নয়। এ ধরনের কমিটি ত্যাগী কর্মীদের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবদানের সঙ্গে অবিচার বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে মাদকাসক্তি, মাদক ব্যবসা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদেরও স্থান দেওয়া হয়েছে। এসব অভিযোগের সমর্থনে সংবাদ সম্মেলনে বিভিন্ন ছবি উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে ঘোষিত কমিটি প্রত্যাহার করে প্রার্থীদের যোগ্যতা, ছাত্রত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং অতীত আন্দোলন-সংগ্রামে ভূমিকা যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খাঁ, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল, সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহাম্মেদ, কসবা টি. আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহাম্মেদ, কসবা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মহসিন আলম, চারগাছ এন.আই. ভূঁইয়া ডিগ্রি কলেজের সাবেক সভাপতি শাহজালাল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কমিটি গঠনকে কেন্দ্র করে কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের অভ্যন্তরীণ অসন্তোষ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে। পদবঞ্চিত নেতাকর্মীদের এই দাবি ও অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের অবস্থান কী, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে জেলা ছাত্রদলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

