বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগে নতুন নিয়ম

ছবি : সংগৃহীত
কসবার টিভি নিউজ ডেস্ক:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে আবেদনের জন্য ১৮ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ রিভিউ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাতে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।

মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অভিজ্ঞতা নীতিমালায় স্পষ্ট করা হয়েছে। ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা ও মোট ১৮ বছরের শিক্ষকতা থাকলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। এছাড়া সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ১৮ বছরের অভিজ্ঞতা থাকলেও নির্দিষ্ট শর্তে উচ্চতর পদে আবেদন করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলীর স্বাক্ষরিত পরিপত্রে ডিগ্রি ও স্নাতক (সম্মান) কলেজের শীর্ষ পদে নিয়োগের শর্তও নির্দিষ্ট করা হয়েছে। ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে ৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা সহ মোট ১৮ বছরের শিক্ষকতা থাকলে ডিগ্রি কলেজের অধ্যক্ষ হওয়া সম্ভব। একইভাবে স্নাতক ও স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষরাও ১৮ বছরের অভিজ্ঞতায় সমমানের পদে আবেদন করতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক

