আখাউড়ায় নতুন “বরিশল ইউনিয়ন” গঠনের উদ্যোগ: সেবার দুয়ারে গতি, উন্নয়নে নতুন সম্ভাবনা

ছবি-সংগৃহীত
ফারজানা রশীদ ঢালী:কসবা টিভি ডেস্ক:
প্রিয় পাঠক, আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই। পেশাগত দায়িত্ববোধ থেকে নিরপেক্ষভাবে সবার কাজ তুলে ধরার চেষ্টা করি। আমার স্বামীর বাড়ি আখাউড়া উপজেলায়—তবুও সংবাদ পরিবেশনে আমরা নিরপেক্ষতা বজায় রাখি। আপনার ভিন্ন মত থাকতেই পারে, আমরা সেটিকে সম্মান করি। সংবাদকর্মী হিসেবে আমরা তথ্য উপস্থাপন করি, আর পাঠক হিসেবে আপনাদের মতপ্রকাশের পূর্ণ অধিকার রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক গুরুত্বপূর্ণ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন একটি ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম সমন্বয়ে আখাউড়া উপজেলার অধীনে “বরিশল ইউনিয়ন” নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে।

বাংলাদেশ সচিবালয় থেকে উপসচিব মোঃ সামিউল মাসুদের স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রটি গত ২৪ মার্চ ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে আখাউড়া উপজেলার ইউনিয়নের সংখ্যা দাঁড়াবে ৬টিতে। পাশাপাশি কসবা ও আখাউড়া—দুই উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা হবে ১৬টি এবং পৌরসভা থাকবে ২টি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকার মানুষের দাবি ছিল প্রশাসনিক সেবা আরও কাছে আনার। সেই দাবির প্রেক্ষিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ইউনিয়ন গঠিত হলে নাগরিক সেবা সহজলভ্য হবে, কমবে ভোগান্তি এবং ত্বরান্বিত হবে স্থানীয় উন্নয়ন কার্যক্রম।

এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জেলা বিএনপির সদস্য জননেতা আলহাজ্ব কবীর আহাম্মেদ ভূইয়ার নাম স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। এলাকাবাসী মনে করছেন, তার প্রচেষ্টা ও সমন্বয়ের ফলেই বিষয়টি উচ্চ পর্যায়ে গুরুত্ব পেয়েছে।

প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, ইউনিয়ন পুনর্গঠন ও নতুন ইউনিয়ন গঠনের মাধ্যমে সেবার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা সম্ভব হবে। এতে গ্রামীণ জনগোষ্ঠী সরাসরি সরকারি সেবার আওতায় আসবে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে।

সচেতন মহল মনে করছে, “বরিশল ইউনিয়ন” গঠনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে এটি শুধু প্রশাসনিক কাঠামোর সম্প্রসারণই নয়, বরং আখাউড়া উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো বিস্তার এবং স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
নিজস্ব প্রতিবেদক

