আখাউড়া সড়ক বাজারে ভয়াবহ যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও রেলযাত্রীরা।

নজরুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,কসবা টিভি আখাউড়া,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজার এলাকায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে যানজট। বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, ফুটপাত দখল এবং রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গড়ে ওঠা টিনশেড বস্তিসদৃশ অবৈধ স্থাপনার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়ছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে অবৈধভাবে দোকান বসানো এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে যানবাহন চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে রিকশা, অটোরিকশা, সিএনজি ও বিভিন্ন পরিবহনের চাপ বেড়ে গেলে পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে বাজার এলাকায় সাধারণ মানুষের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও সৃষ্টি হচ্ছে মারাত্মক সমস্যা।
এছাড়াও আখাউড়া রেলওয়ে স্টেশন এর পূর্ব পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ টিনসেট দোকান ও বস্তিসদৃশ স্থাপনাগুলোকে কেন্দ্র করে বাড়ছে চুরি, ছিনতাই, জুয়া ও নানা ধরনের অসামাজিক কার্যক্রম। স্থানীয় সচেতন মহল বলছে, এসব অবৈধ স্থাপনার কারণে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। সন্ধ্যার পর অনেক যাত্রী ও সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করেন।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন রেলযাত্রীরা। যানজটের কারণে অনেক যাত্রী সময়মতো স্টেশনে পৌঁছাতে না পেরে ট্রেন মিস করছেন। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাজার এলাকায় সামান্য দূরত্ব অতিক্রম করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং বাজার এলাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয় এবং বাজার এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
নিজস্ব প্রতিবেদক

