আখাউড়া তোলাতালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ভূইয়ার রাজকীয় বিদায়, ঘোড়ার গাড়িতে বাড়ি পৌঁছে দিলেন এলাকাবাসী

তানভীর আলম ঢালী :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তোলাতালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ভূইয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা ও ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন গ্রমবাসী।

আজ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলিকন সিটি রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খন্দকার মো. সারোয়ার খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা শিক্ষা অফিসার ড. মো. দৌলত হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর এস.এম. আব্দুল্লাহ হাসান সরকার এবং আখাউড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাত মো. জহিরুল ইসলাম ভূইয়া।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বিল্লাল আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান বাবু।

এসময় বক্তব্য রাখেন জহিরুল হক জুরু, মহি উদ্দিন, জামাল সরদার, আব্দুল্লাহ আল মামুন, কালো মেম্বার, ইকবাল ভূইয়া, আব্দুল মোতালিব, সাদেকুর রহমান ভূইয়া ও রফিকুল ইসলাম ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ভূইয়া দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অবসর বিদ্যালয় ও এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

পরে বিদায়ী প্রধান শিক্ষককে প্রধান অতিথি,বিশেষ অতিথিসহ আয়োজকরা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাঁকে একটি ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে কয়েক কিলোমিটার প্রদক্ষিণ করিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ সময় আবেগাপ্লুত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ভূইয়া এমন ব্যতিক্রমী সম্মান ও ভালোবাসার জন্য শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক

