বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টার, কসবা টিভি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারসহ ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ জেলার তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঞ্ছারামপুর থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সঞ্জয় দাস (পিতা: সেতু দাস), গ্রাম: বেজুরা, থানা: মাধবপুর, হবিগঞ্জ। সেন্টু সরকার (পিতা: মধু সরকার), গ্রাম: দক্ষিণ বেজুরা, থানা: মাধবপুর, হবিগঞ্জ।মানিক (পিতা: হারুন মিয়া), গ্রাম: খিলবামৈ, থানা: বাহুবল, হবিগঞ্জ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় প্রাইভেটকার ব্যবহার করে গাঁজা সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলাগুলোতে মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

