কসবা উপজেলা চত্বরে সন্ত্রাস দমন আইনের আসামি জিয়াউর রহমান মাস্টার গ্রেফতার-এলাকায় স্বস্তির নিঃশ্বাস

ছবি সংগৃহীত-
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সন্ত্রাস দমন আইনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা শিমরাইল গ্রামের জিয়াউর রহমান মাস্টারকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। বহুল আলোচিত এই আসামিকে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

কসবা থানার সূত্র জানায়—জিয়াউর রহমান মাস্টারের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলা রয়েছে। পিতা মৃত এফাজ উদ্দিন মৌলভীর ছয় সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ স্থানীয় মহলে আলোচনার কেন্দ্রে ছিল।

স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমরাইল গ্রামের নিরীহ মানুষের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং মিথ্যা মামলায় হয়রানির ঘটনায় তার নাম উঠে আসে বারবার। এসব অভিযোগ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছিল দীর্ঘদিন।

গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা। তাদের দাবি—এ ঘটনার মাধ্যমে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা অনুভূতি বাড়বে।
পুলিশ বলছে—যে কোনো অপরাধ ও অস্থিতিশীলতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

