ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতা আতাউর, বিতরণ করলেন আর্থিক সহায়তা- শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তার আশ্বাস

কসবা টিভি ডেস্ক:
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কসবা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার সকালে তিনি উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রাম, কায়েমপুর ইউনিয়নের মইনপুর মহিলা মাদ্রাসা, কসবা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চাপিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, মসজিদ ও বসতবাড়ির অবস্থা সরেজমিনে দেখেন।

পরিদর্শনকালে আতাউর রহমান সরকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, চিকিৎসাধীন আহত ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। বিশেষ করে চাপিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুর্দশার কথা শোনেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমানি এবং সেক্রেটারি নুরুল আমিন।
আতাউর রহমান সরকার বলেন, “ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ পুনর্নির্মাণ এবং আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।”
পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
নিজস্ব প্রতিবেদক

