কসবা পৌর এলাকার খাল এখন দখল ও দূষণের কবলে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা এলাকার একাধিক খাল এখন দখল, ভরাট ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। এক সময়ের প্রাকৃতিক পানিপ্রবাহের এসব খাল এখন অনেক স্থানে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কসবা পৌরসভা এলাকার অন্তর্গত কালিকাপুর থেকে ইমামপাড়া এবং তারাপুর থেকে শীতলপাড়া পর্যন্ত সংযোগকারী খালগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ভরাটের শিকার। পাশাপাশি অনেক স্থানে বাসাবাড়ির ময়লা-আবর্জনা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলে খালগুলোকে স্তূপ করে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এতে খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা আশপাশের বসতি ও কৃষিজমিতে মারাত্মক প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞ ও সচেতন মহল মনে করছেন, খালগুলো দখলমুক্ত না করা হলে অদূর ভবিষ্যতে এ এলাকায় পরিবেশগত বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে খালগুলোকে রক্ষার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ প্রসঙ্গে কসবা উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কসবা পৌরসভা এলাকার এই গুরুত্বপূর্ণ খাল ব্যবস্থার অব্যবস্থাপনা এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কালিকাপুর থেকে ইমামপাড়া এবং তারাপুর থেকে শীতলপাড়া—এই খালগুলো পুনরুদ্ধার না হলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক

