কসবায় লক্ষীপুরে প্রকৃতির ছোঁয়ায় ব্যতিক্রমী বাগানবাড়ি, পশু–পাখির নিরাপদ আবাসে দর্শনার্থীদের ভিড়

তানভীর আলম ঢালী,কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষীপুর এলাকায় গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী বাগানবাড়ি, যা এখন স্থানীয় ও দূর-দূরান্তের দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

প্রকৃতিপ্রেমী হুমায়ন কবীরের উদ্যোগে গড়ে ওঠা এই বাগানবাড়িতে দেশীয় ও বিদেশি নানা প্রজাতির মাছ, পশু–পাখির নিরাপদ আবাসস্থল তৈরি করা হয়েছে।

বাগানটিতে রয়েছে হরিণ, উট, খরগোশ, ময়ূরসহ বিভিন্ন প্রজাতির পশু–পাখি। পাশাপাশি নানা জাতের ফুল, ফল ও শোভাবর্ধক গাছ এবং পানির ফোয়ারা বাগানটির সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। প্রতিদিনই প্রাণীর কলতান ও দর্শনার্থীদের আগমনে মুখর থাকে পুরো এলাকা।

বাগানটির মালিক হুমায়ন কবীর জানান, প্রকৃতি ও প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। মানুষের বিনোদনের পাশাপাশি শিশুদের প্রকৃতির সাথে পরিচিত করাই তার মূল লক্ষ্য।

প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাগানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাগানের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় ফুল ছিঁড়লে ১০০ টাকা জরিমানার বিধান রয়েছে।

প্রায় দেড় একর জমির ওপর গড়ে ওঠা এই বাগানবাড়ি সিসি ক্যামেরার আওতায় নিরাপত্তার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। নিরাপদ ও মনোরম পরিবেশে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে প্রতিদিনই এখানে ভিড় করছেন দর্শনার্থীরা।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ কেবল বিনোদনের মাধ্যমই নয়, বরং প্রকৃতি সংরক্ষণ ও শিশুদের শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিজস্ব প্রতিবেদক

