কসবার খাড়েরায় ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধনের চেষ্টা, যুবকের ১ মাসের কারাদণ্ড

কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে তিনটি জন্ম নিবন্ধন করার চেষ্টার অভিযোগে মোহাম্মদ আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুর ২টার দিকে কসবা উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, আবুল কালাম তিনটি জন্ম নিবন্ধনের আবেদনে একজন ব্যক্তির ভুয়া ছেলে এবং দুই মেয়ের পরিচয় দিয়ে নিবন্ধনের চেষ্টা করেন। বিষয়টি যাচাই করতে গিয়ে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান দেখতে পান, আবেদনে উল্লেখ করা ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই এবং ওই নামে তার কোনো মেয়েও নেই।পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজিল কবির ঘটনাস্থলে যান। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজিল কবির। উপজেলা প্রশাসন জানিয়েছে, সঠিক ও যথাযথ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

