কসবা পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান জিয়াউল হক জিতু; শান্তিময় ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক জিয়াউল হক জিতু। তিনি বলেন, “আমি মানুষের সেবার মাধ্যমেই বেঁচে থাকতে চাই। একটি শান্তিময়, স্মার্ট ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়াই আমার লক্ষ্য।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক সচেতনতা কার্যক্রমে তার অংশগ্রহণ ইতোমধ্যে সাধারণ মানুষের নজর কেড়েছে।

জিয়াউল হক জিতু জানান, নির্বাচিত হলে ওয়ার্ডে সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা সহজীকরণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং তরুণদের জন্য কর্মমুখী উদ্যোগ গ্রহণে কাজ করবেন। তিনি আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে চাই।”

৪ নং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা জানান, নতুন নেতৃত্বে তারা পরিবর্তন দেখতে চান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রার্থীদের নির্বাচনী অঙ্গীকার ও কর্মপরিকল্পনার ওপর।

উল্লেখ্য, আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মাঝে প্রচার-প্রচারণা ও মতবিনিময় কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে পারে।
নিজস্ব প্রতিবেদক

