কসবায় মাদকবিরোধী অভিযানে গতি: জনআস্থায় ফিরছে পুলিশ, প্রত্যাশা আরও কঠোর পদক্ষেপ

আকলিমা রশীদ ঢালী:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও আখাউড়া উপজেলা এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ-এর তৎপরতা বাড়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষের সুর শোনা যাচ্ছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং কসবা থানা পুলিশের ধারাবাহিক অভিযানে একের পর এক মাদক জব্দ ও সংশ্লিষ্টদের আটক করা হচ্ছে। দিন-রাত অব্যাহত এই অভিযানে ওসি, এসআইসহ মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সক্রিয় উপস্থিতি দৃশ্যমান হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, আগে যেসব এলাকায় মাদককারবারীরা প্রকাশ্যে সক্রিয় ছিল, সেখানে এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণ এসেছে। বিশেষ করে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে মাদক ব্যবসায়ীরা চাপে রয়েছে।


কসবা থানা পুলিশের সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে-ছবি কসবা থানা এস আই ফারুক হোসেনর কাছ থেকে সংগৃহীত।
এদিকে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক নির্মূলে ডিও লেটার দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক তৎপরতা একসঙ্গে কাজ করায় মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ছে।

তবে শুধু অভিযানই নয়, টেকসই সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ—এমন মত বিশ্লেষকদের। তাদের মতে, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা প্রণয়ননিয়মিত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি—এই তিনটি বিষয় একসঙ্গে বাস্তবায়ন করতে পারলে মাদক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

সচেতন নাগরিকদের পক্ষ থেকে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে—শুধু ছোটখাটো অভিযানে সীমাবদ্ধ না থেকে মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। কারণ, শিকড় অক্ষত থাকলে মাদক প্রবাহ পুরোপুরি বন্ধ করা কঠিন।

বাংলা প্রবাদে বলা হয়, “মাছে রাজা ইলিশ, আর মাদক ধরার রাজা পুলিশ।” এই কথার প্রতিফলন যেন বাস্তবেও দেখা যায়—এমন প্রত্যাশা এখন সাধারণ মানুষের।
সব মিলিয়ে, কসবায় চলমান মাদকবিরোধী অভিযান জনমনে ইতিবাচক প্রভাব ফেললেও, এই ধারাবাহিকতা বজায় রাখা এবং আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। মিডিয়াসহ জনসম্পৃক্ততা, রাজনৈতিক সদিচ্ছা এবং পেশাদার আইন প্রয়োগ—এই তিনের সমন্বয়েই সম্ভব একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।

লেখক: ডিগ্রীতে অধ্যায়নরত শিক্ষার্থী ,চ্যানেল ২৬,বিশেষ প্রতিনিধি অপরাধ পত্র পত্রিকা ও নিউজ প্রেজেন্টার কসবা টিভি।
নিজস্ব প্রতিবেদক

