স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। ছবি: সংগৃহীত
কসবা টিভি ডেস্ক:
স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উপদেষ্টা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। যেকেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।
আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই।’ তবে যে দলেরই হোক ব্যক্তিগতভাবে এই নির্বাচনে অংশ নিলে কারো ক্ষেত্রে বাধা থাকবে না বলে জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে গত ২ জুন সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এদিকে, সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যারা বাংলাদেশে আছেন, তাদের অনেকেই নির্বাচনে ইচ্ছুক বা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, সরকার কি সেই স্পেস (সুযোগ) দেবে কি না? যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাবে। এ বিষয়ে সরকারের অবস্থানটা কি হবে?
এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের… কারণ এটা নিদর্লীয়, কেউ দলের কথা বলবেন না এবং তিনি যদি তাঁর প্রচারে… এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্ত প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নিদর্লীয় ব্যক্তি, তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন।’
তখন আরেকজন সাংবাদিক জানতে চান যদি পদ-পদবি থাকে সে ক্ষেত্রে? জবাবে উপদেষ্টা জাহের উর রহমান বলেন ‘আওয়ামী লীগের পদ-পদবী, আসলে যেটা হয় আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদ-পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ, যদি ক্রাইটেরিয়া ( শর্তাবলী) যা আছে সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। ”
সংবাদ সম্মেলনে সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক

