কসবায় নায়েব আলী হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মোহাম্মদ নায়েব আলী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শনিবার (২৯ আগস্ট) সকালে কসবা সুপার মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত নায়েব আলীর স্বজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন শফিকুল ইসলাম, নিহতের মেয়ে জাসমিন আক্তার, মনির হোসেন, মোশারফ হোসেন, রিপন পাঠান ও নিহতের ছেলে শাহ জালালসহ অনেকে।
বক্তারা বলেন, নায়েব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি কসবা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট দিবাগত রাতে কোনো একসময় নায়েব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ পরিবারের। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

