দীর্ঘ ৫৬ বছর পর মোবাইল নেটওয়ার্কের আওতায় সীমান্তের কসবার বায়েকের সাত গ্রাম, স্বস্তি ফিরল ১৬ হাজার মানুষের

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা টিভি:
দীর্ঘ ৫৬ বছর পর মোবাইল নেটওয়ার্ক সুবিধার আওতায় এসেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী সাতটি গ্রাম। বায়েক ইউনিয়নের মাদলা গ্রামসহ এসব গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ এতদিন মোবাইল নেটওয়ার্কের বাইরে ছিলেন। অবশেষে মোবাইল টাওয়ার স্থাপন ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে তাঁদের দীর্ঘদিনের যোগাযোগ বিড়ম্বনার অবসান ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
স্থানীয় ছিদ্দিকুর রহমান, তাজুল ইসলাম, মাওলণানা গোলাম হোসাইন,খালেমা বেগম,জহিরুল ইসলাম,ইব্রাহিম খান রবিন,আবু ছাইয়েদ,
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব গ্রামের মানুষ মোবাইল নেটওয়ার্ক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ফলে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ, জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনায় নানা সমস্যার মুখোমুখি হতে হতো তাঁদের। অনেক সময় মোবাইল ফোনে কথা বলার জন্য বাড়ি থেকে দূরে কিংবা উঁচু স্থানে যেতে হতো।
এলাকাবাসীর দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে সংসদ সদস্য মশফিকুর রহমানের উদ্যোগে মোবাইল টাওয়ার স্থাপনের ব্যবস্থা করা হয়। সম্প্রতি টাওয়ারটির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সাত গ্রামের মানুষের জন্য মোবাইল নেটওয়ার্ক সুবিধা চালু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নেটওয়ার্ক না থাকায় দীর্ঘদিন ধরে তাঁরা নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে জরুরি মুহূর্তে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পারাটা ছিল বড় সমস্যা। বিটিএমসির মাধ্যমে ১৩৫ ফুট উচ্চতাসূম্পর্ণ চারিদিকে তিন শত ৩৫ কিলোমিটার নতুন টাওয়ার চালু হওয়ায় তাঁদের সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।
এলাকাবাসীর মতে, মোবাইল নেটওয়ার্ক সুবিধা চালু হলে প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে। তবে টাওয়ার স্থাপনের পাশাপাশি নিরবচ্ছিন্ন ও মানসম্মত নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
দীর্ঘ ৫৬ বছরের যোগাযোগ বিড়ম্বনা পেরিয়ে আধুনিক প্রযুক্তির সুবিধা পাওয়ায় সীমান্তের সাত গ্রামের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

