যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার এক বিবৃতির মাধ্যমে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের জাতীয় জীবনে ১৪ ও ১৬ ডিসেম্বরের গুরুত্ব অপরিসীম। এই দিনগুলো আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের চিরন্তন স্মারক। তিনি ১৯৭১ সালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং মহান আল্লাহর দরবারে তাদের রূহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত আমির বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী অপশাসন, গুম-খুন ও জুলুমের কবল থেকে মুক্ত হয়েছে। দেশ যখন ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনো ফ্যাসিবাদের দেশি-বিদেশি দোসররা ষড়যন্ত্র থামায়নি। গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে তিনি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি দেশবিরোধী সকল চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীকে আলোচনা সভা, র্যালি ও দোয়ার মাধ্যমে দিবস দুটি পালনের নির্দেশ দেন। সেই সঙ্গে মহান বিজয় দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের সার্বিক সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
বিশেষ প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

