তারেক রহমানের অপেক্ষায় সংবর্ধনা মঞ্চ, লোকে লোকারণ্য ৩০০ ফিট

ছবি-সংগৃহীত
মঞ্চ এলাকা ঘিরে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা
নির্বাসনের ১৭ বছর শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে মঞ্চ এলাকা ঘিরে নেতাকর্মীদের অপেক্ষা, উত্তেজনা ও আবেগ যেন উপচে পড়ছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেখা গেছে, মঞ্চের চারপাশে ব্যারিকেডের বাইরে ভিড় করছেন হাজার হাজার নেতাকর্মী। অনেকেই ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। কেউ কেউ মোবাইল ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের, যখন দীর্ঘদিন পর স্বদেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান।

মঞ্চ এলাকায় সকালে ছিল টানটান উত্তেজনা। রাত থেকেই অনেকে মঞ্চের আশপাশে অবস্থান নিয়েছেন, যেন কাছ থেকে নেতাকে একনজর দেখা যায়। ভোরের আলো ফুটতেই মঞ্চের সামনে মানুষের চাপ আরও বাড়তে থাকে। নেতাকর্মীদের চোখেমুখে ছিল দীর্ঘ প্রতীক্ষার ছাপ, সঙ্গে আনন্দ আর প্রত্যাশা।

মঞ্চের সামনে অবস্থান নেওয়া এক বিএনপি কর্মী বলেন, এ দিনটার জন্য আমরা ১৭ বছর অপেক্ষা করেছি। নেতা দেশে ফিরছেন এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে। যতক্ষণ না উনি মঞ্চে আসছেন, ততক্ষণ আমরা এখানেই থাকবো।

মঞ্চ এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে মঞ্চসংলগ্ন এলাকায়।

নেতাকর্মীদের মতে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মঞ্চ এলাকায় অপেক্ষার প্রহর গুনছে লাখো
মানুষ।বিশেষ প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

