ঈদুল ফিতর শেষ কর্মদিবস আজ, মঙ্গলবার থেকে শুরু টানা ৭ দিনের ছুটি

কসবা টিভি নিউজ ডেস্ক:
মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। সেই হিসাবে আজই (১৬ মার্চ) ঈদুল ফিতরের আগে সর্বশেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার ঈদের আগে সর্বশেষ অফিস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজানের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ।
চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে দুদিন করে মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সেই হিসাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচদিন ঈদের ছুটি আগে থেকেই নিশ্চিত ছিল।

তবে ঈদের আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি। এরপর ঈদের নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে মাঝখানে একদিন (১৮ মার্চ) অফিস খোলা। কিন্তু ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে টানা ৭ দিনের ছুটি নিশ্চিতে বিভিন্ন মহল থেকে ১৮ মার্চ ছুটি দেওয়ার দাবি উঠে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে।

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির মাধ্যমে টানা সাত দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। তাই ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ মার্চ, সরকারি চাকরিজীবীরা ছুটি কাটাবেন ২৩ মার্চ পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদক

