বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কসবায় দোয়া মাহফিল, আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল

ফারজানা রশীদ ঢালী কসবা টিভি ডেস্ক:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল দোয়া ও মিলাদ মাহফিল, শোভাযাত্রা, প্রতিবাদ মিছিল এবং পথসভা।
সকালে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। আবহাওয়া অনুকূলে না থাকলেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী-পুরুষ নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। মিছিলটি কসবা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কসবা মুক্তিযোদ্ধা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এবং কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল খন্দকার, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে কসবায় আয়োজিত এ কর্মসূচি দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। দোয়া মাহফিল থেকে শুরু করে শোভাযাত্রা ও পথসভা পর্যন্ত পুরো আয়োজন ছিল নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত।

নিজস্ব প্রতিবেদক

