কসবায় পাহাড় কাটায় মোবাইল কোর্টের অভিযান, এক লাখ টাকা জরিমানা ও ৬মাসের কারাদণ্ড

ছবি-সংগৃহীত
স্টাফ রিপোর্টার, কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।



পাহাড় কাটার অভিযানে মাটি বহনকারী ট্রাক্টর জব্দ-ছবি- সংগৃহীত -কসবা টিভি
জানা যায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মো. রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. ফারুক হোসেন (জুনিয়র অফিসার)-কে এক লাখ টাকা অর্থদণ্ড (অর্থদণ্ড আদায় করা হয়েছে) এবং ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে শ্রমিক মো. উসমান গণি (পিতা— আবদুল লতিফ, গ্রাম— নোয়াপাড়া, বায়েক, কসবা)-কে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া উক্ত প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশবিধি লঙ্ঘন করে পাহাড় কাটা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক

