কসবায় এস আই ফারুক হোসেনের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ‘মাদক সম্রাট’ কালা মনিরসহ ৩জন গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

কসবা টিভি ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। ৩০ কেজি গাঁজাসহ কথিত মাদক সম্রাট কালা মনিরসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৬ এপ্রিল বিকেল ৫টা ৫০ মিনিটে কসবা থানার এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ দক্ষিণপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কসবা সদরের কালিকাপুর এলাকার মাদক সম্রাট মোঃ মনির হোসেন ওরফে কালা মনির (৪০), মরাপুকুরপাড়ার ফয়সাল মিয়া (২২) এবং খাড়পাড়ার শান্ত মিয়া (২৩)।

পুলিশ জানায়, তাদের দখল থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজন গ্রেফতার হলেও পলাতক রয়েছে আরও দুইজন— সাইমন (২৬) ও লিপন (২৫)।

কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। কোনোভাবেই মাদককারবারীদের ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সূত্র জানায়, কালিকাপুর এলাকার কালা মনির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তার গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক

