কৃষি জমি রক্ষায় কসবা প্রশাসনের অভিযান- রাতের অন্ধকারে মাটি কাটায় যুবককে জরিমানা

কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ প্রধান সড়কের পূর্ব পাশে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি কাটার অপরাধে মো: সালাউদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

কসবা টিভিকে , আজ শনিবার জানান,কসবা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় মাটি ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়, যা দিয়ে কৃষি জমির উর্বর মাটি কেটে অন্যত্র নেওয়া হচ্ছিল বলে জানা যায়।

পরে জরিমানার অর্থ আদায়ের পর ভবিষ্যতে আর কৃষি জমির মাটি কাটবে না—এই শর্তে ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, কৃষি জমির উর্বর মাটি কাটা শুধু জমির উৎপাদনশীলতাই কমায় না, বরং পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলে। তাই এ ধরনের অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান কৃষি জমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষি জমি ধ্বংস করে মাটি কাটার মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক

