আশুগঞ্জ বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার মো: হাবিব খান
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) আশুগঞ্জে পৃথক দুইটি অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে আশুগঞ্জে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযান: ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭:২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় মো. সাগর মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সাগর মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার যাত্রাগাঁও গ্রামের কালাম মিয়ার ছেলে।
দ্বিতীয় অভিযান: ৩১৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

একই স্থানে সকাল ১০:১৫ ঘটিকায় পরিচালিত অপর এক অভিযানে ৩,১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (১৮) এবং মো. সুরুজ আলীর ছেলে মো. রুবেল (৩২)। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক

