তনু হত্যা মামলা-তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

ছবি-সংগৃহীত
কসবা টিভি ডেস্ক:
বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্য কর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা (অব.) হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজধানীর কল্যাণপুরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের স্বার্থে সবকিছু এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। এছাড়া তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, গ্রেফতারের পর গত ২২ এপ্রিল সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালত হাজির করা হয়। এ সময় হাফিজুর রহমানের সাত দিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২১ এপ্রিল রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে পিবিআইয়ের একটি দল সদস্য অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেফতার করে। দীর্ঘ ১০ বছর পর এই মামলায় এটিই প্রথম কোনো গ্রেফতার, যা নতুন করে আলোচনায় এনেছে তনু হত্যাকাণ্ডকে।
নিজস্ব প্রতিবেদক

