কসবায় বানরের মেলা, তবুও আঘাত নয় ভালোবাসা

তানভীর আলম ঢালী ,কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী পাথারিয়াদ্বার গ্রামে প্রতিদিনই দেখা মিলছে বানরের বড় বড় দলের। সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামজুড়ে চলাফেরা করা এসব বানর কখনো বাগানে, কখনো বাড়ির উঠানে আবার কখনো রান্নাঘরে ঢুকে খাবার নিয়ে যাচ্ছে। তবে ক্ষয়ক্ষতি হলেও বানরগুলোর প্রতি সহনশীল আচরণ করছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বানরগুলো এলাকায় অবস্থান করছে। খাবারের সন্ধানে তারা প্রায়ই ঘরে ঢুকে রান্না করা ভাত, তরকারি, ফলমূলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে যায়। অনেক সময় রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেললেও কেউ তাদের আঘাত করেন না।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বনাঞ্চল ও প্রাকৃতিক আবাস সংকুচিত হয়ে যাওয়ায় বানরগুলো লোকালয়ে চলে এসেছে। তাই তারা প্রাণীগুলোর প্রতি সহানুভূতিশীল আচরণ করছেন। অনেকেই স্বেচ্ছায় কলা, রুটি ও অন্যান্য খাবার দিয়ে বানরগুলোকে খাওয়ান।
সরেজমিনে দেখা গেছে, পাথারিয়াদ্বার গ্রামের বিভিন্ন গাছপালা ও বাগানে দলবেঁধে অবস্থান করছে বানরগুলো। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ বানর দেখতে ভিড় করছেন। স্থানীয়দের মতে, সীমান্তঘেঁষা এই গ্রামে বানরের এমন বিচরণ এখন এক ব্যতিক্রমী দৃশ্যে পরিণত হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, বন্যপ্রাণী রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি লোকালয়ে খাবার ও নিরাপদ আবাস নিশ্চিত করা জরুরি। তা না হলে ভবিষ্যতে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়তে পারে।
নিজস্ব প্রতিবেদক

