সারজিস : শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলন

কিশোরগঞ্জে রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি নেতা এসব কথা বলেন।
এনসিপি নির্বাচনি প্রতীক হিসেবে কাঙ্ক্ষিত শাপলা না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, “শাপলা প্রতীকের জন্য যদি এনসিপিকে রাজপথের কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের আন্দোলনেও যাবে।

“নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন নিজের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ এখনো পর্যন্ত কথা ও কাজের মাধ্যমে দিতে পারছে না।”
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা-উপজেলা সমন্বয় সভায় যোগদান শেষে রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস এসব কথা বলেন।

জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে শুধু কয়েকটি আসনের জন্য এনসিপি নির্বাচনে কারো সঙ্গে জোটবদ্ধ হবে না বলেও মন্তব্য করেন সারজিস। তিনি বলেন, “জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে যদি নির্বাচনে এনসিপি কারো সঙ্গে জোট করে, তাহলে এনসিপি নাম নিয়ে শাপলা প্রতীকেই নির্বাচন করবে।”

কার সঙ্গে জোট হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করা, বিচার নিষ্পন্নের প্রক্রিয়া চলমান রাখা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখা, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক দলগুলির সঙ্গেই কেবল এনসিপি নির্বাচনি জোট করতে পারে।”

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে এনসিপি নেতা বলেন, “আমরা এখনো আপোষহীন। অন্যান্য দল শুধু নির্বাচনমুখী আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি করা হলে এনসিপি তাতে স্বাক্ষর করবে।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, ও সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় সদস্য দিদার শাহ।

কিশোরগঞ্জে প্রতিনিধি,কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

