আশুগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযান: অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ৪ কারবারী আটক, ২২ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের পৃথক দুটি অভিযানে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (১৮ মার্চ) রাত ১২:০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহভাজন নীল ও হলুদ রঙের পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালালে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইলের মধুপুর থানার মহিষমারা গ্রামের মৃত আদম আলীর ছেলে মোঃ শফিক (৩৮) এবং ঘাটাইল থানার দক্ষিণ পাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ আব্দুল্লাহ (২০)।
একই এলাকায় আজ সকাল ৭:০৫ ঘটিকায় পরিচালিত অন্য একটি অভিযানে একটি ‘নোহা’ মাইক্রোবাস আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট থানার আবাদগাঁও এলাকার বাতেন মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (৩৫) এবং একই থানার টেকারঘাট এলাকার আব্দুর রউফের ছেলে আফদাল মিয়া (৩৪)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মো: হাবিব খান স্টাফ রিপোর্টার,কসবা টিভি:
নিজস্ব প্রতিবেদক

