ঝড়ের পর বিদ্যুৎহীন রাউৎহাট ঋষিপাড়া—শেষ ভরসা ইউএনও, সামাজিক মাধ্যমে আবেদন

আকলিমা রশীদ ঢালী: :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাউৎহাট ঋষিপাড়া গ্রামে সাম্প্রতিক ঝড়ের পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কয়েকদিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দৃশ্যমান উদ্যোগ না থাকায় হতাশা ও ক্ষোভ বাড়ছে এলাকাজুড়ে।
ঝড়ে উপড়ে পড়া গাছ, ছিঁড়ে যাওয়া তার ও হেলে পড়া বৈদ্যুতিক খুঁটির কারণে পুরো গ্রাম অন্ধকারে ডুবে আছে। অনেক ঘরবাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ না থাকায় শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, আর রাত নামলেই বাড়ছে নিরাপত্তা উদ্বেগ।
এমন পরিস্থিতিতে স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন। একটি ফেসবুক আইডি—“কনক কান্তি ঋষি ”—থেকে দেওয়া পোস্টে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানানো হয়।
স্থানীয়দের মতে, বিদ্যুৎ বিভাগের তাৎক্ষণিক পদক্ষেপ না থাকায় তারা এখন প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। ইউএনও’র হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে—এমন আশাই করছেন ভুক্তভোগীরা।
দুর্যোগের পর দ্রুত সেবা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের কষ্ট বহুগুণে বেড়ে যায়। রাউদহাট ঋষিপাড়ার এই পরিস্থিতি সেই বাস্তবতাকেই সামনে এনেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর উদ্যোগ নেয়। হয়তো নিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক

